সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে, ৪৮ জন প্রতিদ্বন্দ্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন। জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে ৪৭টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের (সিনেট ভবনে) সামনে বৃহস্পতিবার রাতে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এ সময় প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ভোটার নম্বর, নাম-পরিচয় ও নিবন্ধন নম্বরে ভুল থাকাসহ বিভিন্ন কারণে ৪৭ জনের প্রার্থিতা স্থগিত হয়েছে। তাঁরা আপিল করলে যাচাই-বাছাই করে দেখা হবে। ২৩ আগস্ট (শনিবার) পর্যন্ত তাঁদের আপিল করার সুযোগ রয়েছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৫ আগস্ট বেলা একটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৬ আগস্ট বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।